রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিনার ফিটনেসবিহীন গাড়ির ভালো ড্রাইভার হতে চেয়েছেন তারেক রহমান: হাসনাত আবদুল্লাহ ফিরে দেখা: কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ, কেন তাঁকে হত্যা করেছিল তালেবান সালমানের স্টুডিওতে হামলা নিয়ে আসিফ নজরুল বললেন-এসব অপরাধ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’ বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন হাম উপসর্গে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে: বিদ্যুৎমন্ত্রী সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পর্যটনশিল্প বিশ্বমানে নিয়ে যাওয়া সরকারের উন্নয়ন পরিকল্পনার মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ নানামুখী অপরাধে শঙ্কিত ঢাকাবাসী

এক সিনেমার পরেই অভিনয় ছাড়েন শাহরুখের নায়িকা, স্বামী ৪৮ হাজার কোটি রুপির মালিক

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২.১১ পিএম
‘স্বদেশ’ সিনেমায় গায়েত্রী। আইএমডিবি

বিনোদন ডেস্ক॥



একটি সিনেমাই তাঁকে বলিউডে পরিচিত করে দিয়েছিল। সেই সিনেমায় নায়ক শাহরুখ খান। পরিচালক আশুতোষ গোয়ারিকর। ছবির নাম ‘স্বদেশ’। ২০০৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে গীতার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন গায়ত্রী জোশি। অভিষেকেই শাহরুখ খানের মতো তারকার বিপরীতে অভিনয়, বলিউডে এর চেয়ে বড় শুরু আর কী হতে পারে!

কিন্তু সেই শুরুই শেষ হয়ে যায় খুব দ্রুত। ‘স্বদেশ’-এর পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি গায়ত্রী। ধীরে ধীরে সরে যান চলচ্চিত্রজগৎ থেকে। পরে বিয়ে করেন রিয়েল এস্টেট ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে। আর এখন, ২০২৬ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, তাঁর স্বামী ভারতের ৫৯তম ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি।

গায়ত্রীর গল্প অবশ্য ‘স্বদেশ’ দিয়ে শুরু হয়নি। বিনোদনজগতে তাঁর পথচলা শুরু হয়েছিল আরও আগে। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি ভিডিও জকি হিসেবে কাজ করেন চ্যানেল ভি-তে। এরপর মডেলিংয়ে মন দেন। ১৯৯৯ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। পরের বছর জেতেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব। এরপর ভারতের হয়ে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেন।

মডেলিংয়ের সময় বেশ কিছু বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা যায় গায়ত্রীকে। শাহরুখ খানের সঙ্গেও একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। সেই পরিচয়ও পরবর্তী সময়ে তাঁর চলচ্চিত্রজীবনের পথ খুলে দিতে ভূমিকা রাখে।

এরপর আসে ‘স্বদেশ’। আশুতোষ গোয়ারিকরের এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করেন নাসার বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে। নিজের শিকড়ের টানে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসা এক তরুণের গল্প ছিল ছবিটির কেন্দ্রে। সেখানে গায়ত্রী অভিনয় করেন গীতার চরিত্রে; একজন শিক্ষিকা, যিনি গ্রামের মানুষের জীবন ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে যুক্ত।

অভিষেক সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে গায়ত্রীর অভিনয় প্রশংসা পায়। যদিও মুক্তির সময় ‘স্বদেশ’ প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য পায়নি, সময়ের সঙ্গে সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। ছবির গীতা চরিত্রটিও গায়ত্রীর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হয়ে আছে। কিন্তু এমন একটি সিনেমার পরও গায়ত্রী আর অভিনয়ে ফেরেননি।

২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ে করেন তিনি। এরপর পরিবারকেই অগ্রাধিকার দেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পর অভিনয় থেকে সরে গিয়ে সংসার ও সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন গায়ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে।
গায়ত্রীর চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় কৌতূহল সম্ভবত এখানেই যে সময়ে একজন নবাগত অভিনেত্রী শাহরুখ খানের বিপরীতে সফল অভিষেকের পর একের পর এক সিনেমায় সুযোগ পাওয়ার কথা, ঠিক সেই সময়েই তিনি ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়ান। এরপর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি।

অভিনয় ছেড়ে দিলেও গায়ত্রী পুরোপুরি জনজীবন থেকে হারিয়ে যাননি। স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে তাঁকে মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। ২০২৩ সালে ইতালির সার্ডিনিয়ায় একটি গাড়ি দুর্ঘটনার পরও তাঁদের নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে ঘটনায় গায়ত্রী ও বিকাশ দুজনই বেঁচে যান। দুর্ঘটনায় অন্য একটি গাড়িতে থাকা এক সুইস দম্পতির মৃত্যু হয়েছিল।

ব্যবসায়ী বিকাশ ওবেরয়
গায়ত্রীর স্বামী বিকাশ ওবেরয় ভারতের রিয়েল এস্টেট ব্যবসার পরিচিত নাম। তিনি ওবেরয় রিয়েলটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। মুম্বাইকে কেন্দ্র করে বিলাসবহুল আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও হোটেল ব্যবসায় তাঁর প্রতিষ্ঠান কাজ করে।
২০২৫ সালের হুরুন তালিকায় বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি। তখন ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় তাঁর অবস্থান ছিল ৫৮তম। এক বছর পর ২০২৬ সালের তালিকায় তাঁর সম্পদ বেড়ে হয়েছে ৪৮ হাজার ১০০ কোটি রুপি। তবে সামগ্রিক তালিকায় তাঁর অবস্থান এক ধাপ নেমে হয়েছে ৫৯তম। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই তালিকা।

এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ৫ হাজার ১৪০ কোটি রুপি। এই বিপুল সম্পদের কারণে গায়ত্রীর স্বামীর সম্পদ এখন তাঁর একসময়ের সহশিল্পী শাহরুখ খানের সম্পদের তুলনায় অনেক বেশি।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। তিনি এ বছরও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। তাঁর সম্পদের মধ্যে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নাইট রাইডার্স স্পোর্টসের মতো ব্যবসায়িক উদ্যোগও রয়েছে।

৭৫ হাজার বর্গফুটের বাড়ি
বিকাশ ও গায়ত্রীর জীবনযাপন নিয়েও কম আলোচনা নেই। মুম্বাইয়ের জুহু এলাকায় তাঁদের নয়তলা একটি বাড়ি রয়েছে, যার আয়তন প্রায় ৭৫ হাজার বর্গফুট। বাড়িটির নকশা করেছেন ইতালীয় স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি।
এক সাক্ষাৎকারে গায়ত্রী তাঁদের এই বাড়ি সম্পর্কে জানিয়েছিলেন, নিচের দুটি বেজমেন্টে রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা ও ফিটনেসের জায়গা। আলাদা একটি তলায় রয়েছে জিম, স্পা এবং ১২ আসনের ব্যক্তিগত সিনেমা হল। বাড়ির ওপরের অংশে পরিবারের ব্যক্তিগত থাকার জায়গা। ছাদে রয়েছে ইনফিনিটি পুল, যেখান থেকে আরব সাগরের দৃশ্য দেখা যায়। বাড়িটিতে ভারতীয় শিল্পীদের বিভিন্ন শিল্পকর্মও রয়েছে।
বিকাশ একসময় তাঁদের বাড়িকে ‘বুটিক হোটেল’-এর মতো করে পরিচালনার কথা বলেছিলেন বলে জানান গায়ত্রী। যদিও গায়ত্রীর ভাষায়, তিনি বাড়িকে হোটেলের সঙ্গে তুলনা করতে পছন্দ করেন না, এটি তাঁদের পরিবার ও ব্যক্তিগত জীবনের জায়গা।

মাত্র একটি ছবি
বলিউডে অনেক অভিনেতার ক্যারিয়ার শুরু হয় ছোট চরিত্র দিয়ে, পরে ধীরে ধীরে তাঁরা বড় তারকা হয়ে ওঠেন। গায়ত্রীর ক্ষেত্রে গল্পটি একেবারেই উল্টো। মডেলিং থেকে সরাসরি শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক, প্রশংসা—সবকিছু পাওয়ার পরও মাত্র একটি সিনেমাতেই থেমে গেছে তাঁর অভিনয়জীবন।
‘স্বদেশ’-এর পর গায়ত্রী আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। পরবর্তী সময়ে তাঁর জীবনের কেন্দ্র হয়ে ওঠে পরিবার।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com