টিডিএস ডেস্ক:
জার্মানির ট্রাউনস্টেইন আঞ্চলিক আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর টয়লেটে ধর্ষণের কথা স্বীকার করেছেন ৫৫ বছর বয়সী এক রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) প্রাক্তন পুলিশ কর্মকর্তা।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার আদালতের শুনানি চলাকালে মেয়া এস. (Maja S.) নামে ওই প্রাক্তন কর্মকর্তা ধর্ষণের অভিযোগসহ একাধিক অপরাধ স্বীকার করেন। বিচারক আন্দ্রেয়াস বার্টশমিড জানান, তার সাড়ে তিন বছরের কারাদণ্ড হতে পারে।
গ্রেপ্তারের পর মেয়াকে প্রাথমিকভাবে ব্যাভারিয়ার বামবার্গের একটি কারাগারের নারী বিভাগে রাখা হয়। তবে গত পাঁচ মাস ধরে তাকে স্ট্যাডেলহেইম কারাগারের পুরুষ বিভাগে বন্দি রাখা হয়েছে।
তার আইনজীবী পিটার ড্যুর জার্মান সংবাদপত্র বিল্ড-কে জানান, পুরুষ বন্দিদের সাথে রাখা তার মক্কেলের জন্য মারাত্মক শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করছে। ব্যায়ামের সময় তাকে উদ্দেশ্য করে সিটি বাজানো হয় এবং পুরুষ কর্মকর্তারা তার শারীরিক পরীক্ষা পরিচালনা করেন বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, তার বাড়ি ও কর্মস্থলে তল্লাশি চালিয়ে শিশু ও পশু পর্নোগ্রাফির ২,০০০-এরও বেশি ফাইল এবং একটি কালাশনিকভ রাইফেল জব্দ করা হয়েছে।
২০২৪ সালে অনলাইনে শিশু পর্নোগ্রাফি আপলোড করার অভিযোগ ওঠার পর মেয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালে তাকে বরখাস্ত করা হয় এবং ১৯,০০০ ইউরো জরিমানা করা হয়।
এই তদন্ত চলাকালীনই, মেয়া তার এক পরিচিত ব্যক্তির ১৫ বছর বয়সী মেয়েকে মোটরসাইকেল ভ্রমণের প্রস্তাব দেন। প্রসিকিউশনের মতে, ভ্রমণের একপর্যায়ে মেয়া ওই কিশোরীকে অনুসরণ করে একটি ম্যাকডোনাল্ডসের টয়লেটে ঢুকে তাকে ধর্ষণ করেন।
২০২৫ সালের আগস্টে ঘটা এই ঘটনাটি প্রকাশ্যে আসে মেয়ার বাগদত্তা স্টেফানি জেড. তার সঙ্গীর ফোনে একটি আপত্তিকর যৌন বার্তা পাওয়ার পর।
স্টেফানি জানান, মেসেজটি দেখে তিনি স্তম্ভিত হয়ে যান এবং কিশোরীটির কাছে গিয়ে বিষয়টি জানতে চান। কিশোরীটি জানায়, মেয়া তাকে টয়লেটে নিয়ে গিয়ে অনৈতিক স্পর্শ ও নির্যাতন করেছিল। এরপর স্টেফানি নিজেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
এছাড়া আরেকটি ঘটনায় মেয়ার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। সুইমিং পুলে যাওয়ার পরদিন সকালে কিশোরীটি মেয়ার বিছানায় বিবস্ত্র অবস্থায় জেগে ওঠে এবং আগের রাতের ঘটনার কোনো স্মৃতি তার মনে ছিল না।
বর্তমানে এই মামলার বিচারকার্য চলমান রয়েছে।