স্টাফ রিপোর্টার॥
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২.৭৮ শতাংশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। এর আগে চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা।
খেলাপি ঋণ বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগের ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় মূলত এই বৃদ্ধি ঘটেছে। তবে খেলাপি ঋণ কমাতে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব সামনে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সেখান থেকে চলতি বছরের মার্চ শেষে তা ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বাড়ে। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) খেলাপি কিছুটা কমলেও পরবর্তী সময়ে তা আবার ঊর্ধ্বমুখী হয়।
তথ্য প্রকাশ করা হয়েছে যে, একীভূত হওয়া যে পাঁচটি ব্যাংক এখন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে পরিচালিত হচ্ছে, সেগুলোতে খেলাপি ঋণের হার ৮০ শতাংশের ওপরে।
সংশ্লিষ্ট ব্যাংকাররা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির প্রভাবেই খেলাপি ঋণ লাগামহীনভাবে বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার পতনের ঠিক আগে তা দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।
পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশ পেতে শুরু করে। একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত অনেক ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় খেলাপির পরিমাণ দ্রুত বাড়তে থাকে। এই পরিস্থিতিতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের উদ্যোগ নেয় তৎকালীন সরকার।