বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৩৮ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি॥



গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন ছুটে গিয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশও। পরে বাসটির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হন অন্তত ৩০ জন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com