বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার বরাদ্দ দেয় সুরক্ষার জন্য, বালুদস্যুরা গ্রাস করে পৈতৃক সম্পত্তির মতো..! হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ প্রায় শেষের পথে, ১৬ই ডিসেম্বর উদ্বোধনের সম্ভাবনা নির্বাহী প্রকৌশলীর কেরামতি, দুর্নীতি ধুয়ে ৭ দিনেই ‘পবিত্র’ সিরাজগঞ্জে ডিপিএইচই-এর বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট: সময় ও খরচ বেড়েছে, অগ্রগতি আটকে আছে একই জায়গায় ‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা ডিপিএইচই: অবশেষে দুর্নীতি ও অনিয়মের দায়ে পিডি তবিবর সাময়িক বরখাস্ত সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বিএসসিসিএল শজনে ভেবে লাজনা খাচ্ছেন কি? দুটির পার্থক্য জেনে রাখুন অস্তিত্ব হারাতে বসেছে তথ্য অধিকার আইন-২০০৯: বঞ্চিত তথ্য প্রত্যাশীরা হতাশ রাজশাহী মেডিকেলে আইসিইউর অপেক্ষায় এক মাসে ৯১ শিশুর মৃত্যু

চলনবিলে মাছসংকট, হুমকির মুখে শুঁটকিশিল্প

  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩.৫৫ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



দেশের বৃহত্তম মিঠাপানির জলাভূমি চলনবিলে মাছের সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শুঁটকিশিল্প। মাছের অভাবে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার বিস্তীর্ণ এলাকায় শুঁটকি উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে এ অঞ্চলের শুঁটকি চাতালে কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।

প্রায় ১২০ বর্গকিলোমিটার আয়তনের ২২টি জলাশয় ও ১৬টি নদীর সমন্বয়ে চলনবিলের অবস্থান। এই চলনবিল ঘিরে তিন জেলার ৯টি উপজেলায় গড়ে ওঠা শুঁটকিপল্লীতে বিপুলসংখ্যক নারী-পুরুষের কর্মসংস্থান হয়ে থাকে। চাতালগুলোতে ভোর থেকেই শত শত নারী-পুরুষ মাছে লবণ মাখানো, শুকানো, উল্টে-পাল্টে দেওয়া, বাছাইসহ নানা কাজে ব্যস্ত থাকেন।

এসব চাতালে দেশি প্রজাতির রুই, কাতলা, মাগুর, শিং, কৈ, পাবদা, পুঁটি, চিতল, বাঘাইড়, বোয়াল, গজার, এবং টেংরা মাছ শুঁটকি করা হয়।

এখানকার শুঁটকি রাজধানী ঢাকা, সৈয়দপুর, নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে থাকে। গত বছর চলনবিলে প্রায় ৮০০ টন শুঁটকি উৎপাদন হয়েছিল। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার টন।

সিরাজগঞ্জের তাড়াশের চাতাল মালিক দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, প্রভাবশালীদের ইন্ধনে চলনবিলে বাদাই জাল দিয়ে পোনা মাছ নিধন করা হয়ে থাকে।

পাশাপাশি চলনবিলজুড়ে অতিরিক্ত পুকুর খনন করায় মাছের অবাধ বিচরণও বাধাগ্রস্ত করা হচ্ছে। এ ছাড়াও খরা মৌসুমে পানি সেচ দিয়ে মাছ ধরার কারণেও বিলের মাছ দিনদিন কমছে। এতে খরচ বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় চাতাল ব্যবসায়ীদের লোকসান হচ্ছে।

তাড়াশ উপজেলার ঘরগ্রামের শুঁটকি চাতাল মালিক জহরুল ইসলাম ও আবুবক্কার জানান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মাছ সংগ্রহের মৌসুম। কিন্তু চলতি বছর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না।

মাছের সংকট থাকায় উৎপাদন অনেক কম হওয়ার আশঙ্কায় ভুগছি।

শুঁটকি ব্যবসায়ী শওকত হোসেন বলেন, তাড়াশের মহিষলুটি মৎস্য আড়ত ঘিরে আশপাশে ২৫টি শুঁটকির চাতাল ছিল। এ বছর মাত্র কয়েকটি চাতালে শুঁটকি প্রস্তুত করা হচ্ছে। মাছের অভাবে ব্যবসা গুটিয়ে অনেকে চলে গেছেন।

শুঁটকি ব্যবসায়ী মিনহাজ উদ্দিন জানান, প্রতিদিন একটি শুঁটকির চাতালে ৩০০ মণ মাছের চাহিদা রয়েছে। কিন্তু স্থানীয় বাজার ও মৎস্য আড়ত ঘুরে ৩০-৫০ মণের বেশি মাছ পাওয়া যাচ্ছে না। এ কারণে শুঁটকি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।

মহিষলুটি মৎস্য আড়তদার গোলাম কিবরিয়া বলেন, মাছ সংকটের কারণে অনেক চাতাল ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। এ অবস্থায় চাতালের কাজে জড়িত প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ শ্রমিক বেকার হয়ে গেছেন।

চাতাল শ্রমিক শেফালী ও মোবারক হোসেন বলেন, এসব চাতালে কাজ করলে প্রতিদিন নারী শ্রমিকরা ১৫০ টাকা আর পুরুষরা ৩০০ টাকা মজুরি পান। তবে এ মৌসুমে মাছ সংকট থাকায় অনেকেই কাজ পাননি।

তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোকারম হোসেন বলেন, দেশ-বিদেশে চলনবিলের শুঁটকির সুনাম রয়েছে। তবে মা মাছ নিধন, কীটনাশক ব্যবহার ও প্রজননক্ষেত্র ধ্বংস হওয়ায় এই বিলে মাছের উৎপাদন প্রতি বছর কমে যাচ্ছে। এ বছর কয়েক দফায় পানি আসা ও দ্রুত শুকিয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে। গত বছর এই উপজেলায় ১৪৩ টন শুঁটকি উৎপাদন হয়েছিল। কিন্তু মাছ সংকটের কারণে এবার ৩০/৪০ টন কম উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com