বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

তাড়াশে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সাংবাদিক মিলু গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮.৪২ পিএম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি



সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মৃণাল সরকার মিলু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাড়াশ পৌর এলাকার বারোয়ারী বটতলা অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মৃণাল সরকার মিলু ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় মৃণাল সরকার মিলুর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাসস্থান থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, “আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।”

এদিকে মিলুর পরিবারের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পরিবারের সদস্যরা বলেন, “তিনি কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। দীর্ঘ দিন ধরে তিনি পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় ফাঁসিয়েছে।”

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com