বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। গাড়িতে তার স্ত্রী নাজমা আরা বেগমও ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই এলাকার প্রয়াত নিজাম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। এ ঘটনায় পথচারী ফিরোজা বেগমসহ প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হন।
আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।