চট্টগ্রাম প্রতিনিধি॥
‘মাদকের’ টাকা জোগাড় করতে গিয়ে চট্টগ্রামে এক যুবক কর্তৃক তার নিজের ২০ মাস বয়সি সন্তানকে বিক্রি করে দেওয়ার প্রচেষ্টাকালে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ।
জানা যায়, ৯৯৯ নম্বরে মায়ের ফোন পেয়ে শনিবার রাতে নগরীর যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, নগরীর পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাঙ্ক এলাকার ট্রাক হেলপার লোকমান হোসেন সাগর তার একমাত্র সন্তান ২০ মাস বয়সী ফাতেমা আক্তারকে মাদকের টাকা জোগাড় করার লক্ষ্যে অন্যত্র বিক্রি করে দেয়ার চেষ্টা করছিল।
তার স্ত্রী সীমা আক্তারের অভিযোগ অনুযায়ী জানা যায়, তার স্বামী সাগর ‘মাদকাসক্ত’। শনিবার রাতে সাগর তার কাছ থেকে মাদক সেবনের টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় জোর করে তার ২০ মাস বয়সি শিশুটিকে ‘বিক্রি করে দেওয়ার কথা বলে’ ঘর থেকে নিয়ে যান সাগর।
ওসি বলেন, “সাগর বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন। সীমা তখন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বিষয়টি জানানোর পর পুলিশ অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় যুগী চাঁদ মসজিদ এলাকায় তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।”
যে বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেটি সাগরের খালাত ভাইয়ের বাসা।
ওসি একরাম উল্লাহ বলেন, সাগর তার খালাত ভাইকে গিয়ে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন। তখন তার খালাত ভাই কৌশলে সাগরের কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হেফাজতে রেখে দেন।
সীমা আক্তার অভিযোগ করলেও সন্তান উদ্ধারের পর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি বলে জানিয়েছেন পুলিশ।