টিডিএস ডেস্ক॥
দেশকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাখতে প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; বরং দেশের প্রতিটি মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, আজ তিনি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চান, যা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আর সেটি হলো দেশের পরিবেশ ও তার সুরক্ষা।
প্রধানমন্ত্রী বলেন, তিন থেকে চার দশক আগের বাংলাদেশের পরিবেশের সঙ্গে বর্তমান সময়ের দৃশ্যপটের বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এখন রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা এবং গ্রামাঞ্চলের সড়ক, হাট-বাজার ও জনসমাগমস্থলে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি উদাহরণ দিয়ে বলেন, নিজের ঘর বা বাসার চারপাশ যদি আবর্জনায় ভরে থাকে, তাহলে কারও ভালো লাগবে না। একইভাবে দেশের পরিবেশও আমাদের সবার, তাই এটিকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।
তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন হেঁটে, রিকশা কিংবা বাসে চলাচল করেন। কিন্তু রাস্তায় ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনার কারণে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হয়।
দেশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের ভেতর ও পাড়ে আবর্জনার স্তূপ চোখে পড়েছে। অথচ একসময় এসব স্থান মানুষের অবসর কাটানোর অন্যতম জায়গা ছিল। ময়লার কারণে সেই পরিবেশ এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে।
এ সময় পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, বাদামের খোসাসহ যেকোনো বর্জ্য যেখানে-সেখানে না ফেলার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতনতা ও দায়িত্ববোধের পরিচয় দিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এজন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।