টিডিএস ডেস্ক॥
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত ‘নিউ গিনি প্রপার্টিজ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মো. আবদুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৫টার দিকে ডিবির গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম মানিকদী এলাকার নিজ বাসা থেকে মিজানুর রহমানকে আটক করে। গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলায় তিনি ৯ নম্বর এজাহারনামীয় আসামি।
ঘটনার বিষয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, ইসিবি চত্বর এলাকার ৩৫ কাঠা জমির মালিকানা ও দখল নিয়ে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে একদল লোক অনধিকার প্রবেশ করে নিউ গিনি প্রপার্টিজের একাধিক স্থাপনায় ভাঙচুর চালায়।
তিনি আরও জানান, এই ঘটনায় ইতিপূর্বে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হামলায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর সংশ্রব খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন মনে করলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার রাতে ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত হামলা চালায়। ওই ভবনের একটি ফ্লোর ভাড়া নিয়ে নিজের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিও পরিচালনা করা হচ্ছিল। হামলা চলাকালে সালমান মুক্তাদিরের স্টুডিওটিতে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে পুলিশ জানিয়েছে।