স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্ববায়ক ও দৈনিক সংবাদ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসায় তিনি মারা যান। তিনি এক মাসের বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। এরপর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌর শহরের মালশাপাড়া কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ‘দ্য ডেইলী স্কাই’ পত্রিকা পরিবারের পক্ষ থেকে এবং প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।