স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের পাঁচলিয়ায় আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সুনীল চন্দ্র (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাচিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুনীল চন্দ্র তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শুরপিপুল গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে।
জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে সলঙ্গা থানার পাচিল ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সুনীল চন্দ্র। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টা ২০ মিনিটের দিকে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে শ্রী পান্থস কুমার সরকার সিরাজগঞ্জ সদর থানায় এসে জানান, সোমবার সকাল ৭টার দিকে তার বাবা বাড়ির পাশের কার নিরঞ্জন মাহান্তের সঙ্গে সিরাজগঞ্জ আদালতে হাজিরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ১৬ বিঘা সম্পত্তি সংক্রান্ত একটি মামলা সিরাজগঞ্জ আদালতে চলমান ছিল এবং ওই মামলায় তাদের আদালতে যাওয়ার কথা ছিল। নিরঞ্জন মাহান্ত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছে।