স্টাফ রিপোর্টার॥
শুক্রবার রাত আনুমানিক দেড়টায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঢাকা-উত্তরাঞ্চল মহাসড়কের তালুকদার বাজার নামক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন ট্রাকের চালক ও সংশ্লিষ্টরা। এ সময় ঢাকাগামী আলিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় মেরামতকারীদের। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলিশা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।