সিরাজুল ইসলাম শিশির॥
সিরাজগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার গেটের সামনে পুলিশের হেফাজত থেকে এক আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১:০০ টার দিকে এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম আব্দুল মোমিন (২২), তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে এ ঘটনায় সাংবাদিকদের নিকট মুখ খুলতে চাননি সংশ্লিষ্ঠ পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে থেকে জানা যায়, চুরি মামলার হাজতী আসামি আব্দুল মমিনকে জেলা কারাগার থেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়। হাজিরা শেষে তাকে আদালত ভবনের দ্বিতীয় তলায় হাজতে নেওয়া হয়। এ সময় এক পুলিশ সদস্য তাকে হাতকড়া পড়ানোর চেষ্টা করছিলেন। তখনই ওই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বারান্দার অরক্ষিত দ্বিতীয়তলা থেকে লাফিয়ে পড়ে দ্রুত পালিয়ে যান।
বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং বলেন, হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল। পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছে।