স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত)-এর বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় সাজাপ্রাপ্ত তিন আসামিই পলাতক ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গাইবান্ধা জেলার পলাশপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মারুফ উল ইসলাম এবং রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম ও একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী (মোবাশেরা বেগমের মেয়ে) সেলিনা বেগম।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় রংপুর থেকে ঢাকাগামী ‘খালেক এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ মোবাশেরা বেগম ও তাঁর মেয়ে সেলিনা বেগমকে আটক করা হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
অন্যদিকে, ২০১৩ সালের ৯ মার্চ রাত ২টার দিকে একই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-১২-এর একটি দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘নাহার এন্টারপ্রাইজ’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী মারুফ উল ইসলামের পায়ের কাছে থাকা ব্যাগ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-১২-এর পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন।
পরবর্তীকালে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত এ দুটি মামলার রায় ঘোষণা করেন।