সিরাজুল ইসলাম শিশির॥
চলতি মৌসুমে সিরাজগঞ্জে বন্যার প্রকোপ না থাকায় রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে জমি প্রস্তুত ও চারা রোপণের কাজ পুরোদমে চললেও কৃষকদের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সারের চরম সংকট ও কৃত্রিম মূল্যবৃদ্ধি। ডিলারদের সিন্ডিকেট এবং কৃত্রিম সংকটের কারণে নির্ধারিত দামে প্রয়োজনমতো সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার কৃষকেরা।
সম্প্রতি জেলার সদর উপজেলার শিয়ালকোল ও বহুলী এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গসী, ধানগড়া, সলঙ্গা ও দেশিগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।
কৃষকদের অভিযোগ, একদিকে ডিজেলসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়েছে, অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যে সার মিলছে না। কিছু অসাধু ডিলার অবৈধভাবে সার মজুত করে কালোবাজারে বিক্রি করছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সময়মতো জমিতে সার দিতে না পারলে আমনের ফলনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সার বিতরণকারী পয়েন্টগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাচ্ছেন না কৃষকেরা। তবে খোলাবাজারে অতিরিক্ত টাকা দিলেই কাঙ্ক্ষিত সার মিলছে। সঠিকভাবে মনিটরিং না করার সুযোগেই ডিলার ও সাব-ডিলাররা এই সিন্ডিকেট চালাচ্ছেন বলে অভিযোগ তাদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় মোট ৭৬ হাজার ১৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য চার হাজার ১২০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করা হয়। পাশাপাশি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নির্ধারিত দর অনুযায়ী, প্রতি কেজি ডিএপি ১৯ টাকা (বস্তা ১,০৫০ টাকা), টিএসপি ২৫ টাকা (বস্তা ১,৩৫০ টাকা) এবং এমওপি ১৮ টাকা। তবে সরকারি এই হারের তোয়াক্কা না করে খোলাবাজারে দ্বিগুণ দামে সার বিক্রি করা হচ্ছে।
রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার কৃষক আব্দুল খালেক বলেন, “আমার ৭ থেকে ৮ বস্তা সার লাগবে। কয়েকদিন ধরে ঘুরে ডিলার পয়েন্ট থেকে বেশি দামে মাত্র দুই বস্তা সার পেয়েছি। বাকি সার কীভাবে জোগাড় করব তা নিয়ে চিন্তায় আছি।”
একই এলাকার কৃষক রোস্তম আলী বলেন, “১,০৫০ টাকার এক বস্তা ডিএপি সার আমাদের কিনতে হচ্ছে ১,৭০০ টাকায়। খোলাখুলিভাবে সিন্ডিকেট ব্যবসা চলছে। কাগজে-কলমে মনিটরিংয়ের কথা বলা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।”
একই ধরনের অভিযোগ করেন সদর ও রায়গঞ্জ উপজেলার কৃষক আলী আহমেদ, হারুন সরকার ও আসলাম উদ্দিন। তারা জানান, ১,৩৫০ টাকা মূল্যের টিএসপি সারের জন্য বস্তাপ্রতি ১,৭০০ থেকে ১,৮০০ টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ বস্তাপ্রতি সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। কৃষি অফিসে বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।
এদিকে সাব-ডিলার ও খুচরা বিক্রেতারা বলছেন, তারা বিসিআইসি ও বিএডিসি ডিলারদের কাছ থেকেই বস্তাপ্রতি ১০০ থেকে ২০০ টাকা অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। চাহিদা অনুযায়ী বরাদ্দও পাচ্ছেন না।
তবে ডিলাররা অভিযোগ অস্বীকার করেছেন। শিয়ালকোল ইউনিয়নের রত্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী আলকাজ উদ্দিন বলেন, “কৃষকদের চাহিদা অনুযায়ী সার দিতে পারছি না। পাঁচ-দশ কেজির বেশি সার দেওয়া সম্ভব হচ্ছে না। আগে এমন সংকট ছিল না, সম্প্রতি এ সংকট তৈরি হয়েছে।”
অন্যান্য ডিলাররা জানান, তাদের বরাদ্দ করা সার শেষ হয়ে গেছে। নতুন মাসের বরাদ্দ পেলে আবার বিতরণ সম্ভব হবে।
বিএডিসি (সার)-এর উপ-সহকারী কর্মকর্তা মুক্তার হোসেন জানান, ২০২৬–২০২৭ অর্থ বছরের জুলাই ও আগস্ট মাসের জন্য প্রাপ্ত বরাদ্দকৃত সার ইতিমধ্যে ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। কালোবাজারি ও বাজার মনিটরিংয়ের বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের এখতিয়ারভুক্ত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা দ্য ডেইলী স্কাই কে বলেন, “জেলায় পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে এবং সংকট হওয়ার কথা নয়। উপজেলা পর্যায়ে মনিটরিং ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। কোনো ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি বা অবৈধ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”