স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) ও তার সহযোগী মো. মোহান আলী (৩১)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল রাত প্রায় ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজার ঢাকাগামী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ হেরোইন ও ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চালক আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকার দারুস সালাম থানায় মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।