স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে প্রধান শিক্ষক আব্দুল মজিদ চাকরিচ্যুত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন আদায়, এফডিআর ভাঙানো এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনরায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরই রাকিবুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় প্রকাশ পায়। ওই বছরের ডিসেম্বর মাসে আব্দুল মজিদ তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।