সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের ‘আত্মহত্যা’, নেপথ্যে কী? থানায় ৩ অডিট সদস্য শাহজাদপুরে কোটি টাকার খাস জমি জবরদখল: অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করল প্রশাসন ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক গরু ‘চুরি’ করে ছেলের বউভাত: গ্রেপ্তার বাবা ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত জামিন নামঞ্জুর, আখতারুজ্জামান কারাগারে ২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর সওজের মদ্যপ প্রকৌশলীকে ঘিরে বিতর্ক, সরকারের ভাবমূর্তি  ক্ষুন্নের অভিযোগ

সৌদি আরবে বাংলাদেশিকে হত্যা: ‘মা গো, মা গো চিৎকার’, এরপর কেটে যায় কল

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫.৫৩ পিএম
মো. কামরুল জামান ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি॥



সৌদি আরবে গুলি করে এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. কামরুল জামান (৩৭)। গতকাল রোববার সৌদি আরবের তায়েফ শহরে এ ঘটনা ঘটেছে বলে নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে।

নিহত মো. কামরুল জামানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামে। বিবাহিত কামরুল দুই ছেলের জনক ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতেই থাকেন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল ভোরে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন কামরুল। এ সময় তাঁকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। স্ত্রী মুঠোফোনের অপর প্রান্ত থেকে সর্বশেষ স্বামীর ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান। এরপর কল কেটে যায়।

সৌদি আরবে থাকা স্বজনদের বরাতে পরিবারের সদস্যরা বলেন, মুঠোফোনে কথা বলার সময় এক ব্যক্তি কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে একটি বিপণিবিতানে ঢুকে পড়েন। তখন অস্ত্রধারী ব্যক্তি সেখানে ঢুকে কামরুলকে গুলি করে হত্যা করেন। এরপর হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জীবিকার সন্ধানে কামরুল বিদেশে যান আড়াই বছর আগে। তাঁর বাবা পেশায় কৃষক। ধারদেনা করে কামরুল সৌদি আরবে গিয়েছিলেন। এখনো সব দেনা শোধ করতে পারেননি। এর মধ্যেই কামরুলের মৃত্যুর খবরে তাঁর বাড়ি স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে।

কামরুলের চাচাতো ভাই মো. সোলেমান বলেন, ‘কামরুল সৌদি আরবের তায়েফ শহরের একটি বিপণিবিতানে চাকরি করতেন। গতকাল ভোরে ডিউটি শেষ করে বিপণিবিতানের সামনে দাঁড়িয়েই মুঠোফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনি। এরই মধ্যে হঠাৎ এক সৌদি তরুণ তাকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে কামরুল বিপণিবিতানের ভেতরে ঢুকে পড়লে সেখানে ঢুকে তাঁকে তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান কামরুল। পরে ওই সৌদি তরুণও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।’ মো. সোলেমান আরও বলেন, ‘কী কারণে কামরুলকে গুলি করা হলো, তা জানা সম্ভব হয়নি। কামরুলের মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের মাতম চলছে।’

কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু নাসের চৌধুরী বলেন, ‘কৃষক বাবার সন্তান কামরুল জীবিকার জন্য ধারদেনা করে আড়াই বছর আগে সৌদি আরব গিয়েছেন। সেখানে তাঁর মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায় হয়ে গেল।’

জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান আজ সোমবার দুপুরে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিষয়ে জেনেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য তিনি জানেন না।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com