টিডিএস ডেস্ক:
নবম জাতীয় পে স্কেল ২০২৬ অনুমোদনের পর এবার সরকারি কর্মচারীরা অপেক্ষা করছেন এর পে স্কেলের অফিসিয়াল গেজেটের জন্য। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আগামী বুধ (২ সেপ্টেম্বর) বা বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে এই গেজেট প্রকাশ হতে পারে।
অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করার পরই কর্মচারীদের নতুন মূল বেতন, বেতন স্কেল ও ভাতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরিষ্কার হবে।
গত সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পে স্কেল ২০২৬ এবং সশস্ত্র বাহিনী যৌথ সেবা নির্দেশিকা ২০২৬ অনুমোদিত হয়। এই নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
জাতীয় বেতন কমিশন ২০২৫ এবং সচিব কমিটির সুপারিশের পাশাপাশি মূল্যস্ফীতি, সরকারের আর্থিক সক্ষমতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে এই সংশোধিত বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
বিদ্যমান ২০টি গ্রেডের কাঠামো বজায় রাখা হলেও প্রতিটি গ্রেডের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে:
২০তম গ্রেড (সর্বনিম্ন): শুরুর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা, যা পূর্ববর্তী স্কেলের তুলনায় ১৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১ম গ্রেড (সর্বোচ্চ): মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা, যা আগের স্কেলের চেয়ে ১০০ শতাংশ বেশি।