স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে চিকিৎসকের বদলে ওয়ার্ড বয় দিয়ে রোগীর চিকিৎসা করানোসহ বিভিন্ন সেবায় অনিয়ম হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাবনা–সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান চালায়।
দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে এক রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর অভিযোগ ওঠে। পরে রোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি দুর্নীতি দমন কমিশনে লিখিতভাবে জানানো হয়। অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
অভিযোগে সংশ্লিষ্ট হিসেবে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায় (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা এবং আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় মো. আবু তালেবের নাম উঠে এসেছে।
পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মমিন উদ্দিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। চিকিৎসকের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোর মতো গুরুতর অভিযোগ ছিল। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বর্তমানে কর্মস্থলে নেই। বিষয়টি কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।