গাজীপুর সংবাদদাতা॥
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসক।
সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে জেলা প্রশাসক কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগ সম্পর্কে তথ্য নেন।
প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর এলাকার আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।