সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ইমরান খানকে নিয়ে নতুন আদেশ পাকিস্তান হাইকোর্টের

  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮.০২ পিএম
ছবি: সংগ্রহীত

অনলাইন ডেস্ক:



ইমরান খানকে নিয়ে নতুন আদেশ পাকিস্তান হাইকোর্টের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একাকী কারাবাসে না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। (মঙ্গলবার) ১ সেপ্টেম্বর বিচারপতি খাদিম হুসাইন সোমরো এই আদেশ জারি করেন।

আদালতের নতুন নির্দেশনায় স্বস্তিতে ইমরান খান এবং তার পরিবার।
আদিয়ালা জেল কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দিয়েছেন, আইন মেনে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারকে তার স্ত্রীর ও পরিবারের সাথে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতার সঙ্গে তার ছেলেদের টেলিফোনে কথোপকথনের ব্যবস্থাও করতে হবে জেল কর্তৃপক্ষকে। তবে এই কথোপকথনের রেকর্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে সুবিধাটি বন্ধ করার অধিকার কারা কর্তৃপক্ষের থাকবে।

বন্দিদশায় ইমরান খানকে প্রতিদিন খবরের কাগজ ও বই সরবরাহ করতে হবে এবং জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হবে বলে নির্দেশনায় জানান বিচারপতি।

যদিও প্রশ্ন উঠছে, শাহবাজ সরকারের প্রশাসন আদৌ এই নির্দেশিকা পালন করবে কি না?

অতীতে আদালত একাধিক নির্দেশিকা দিলেও অদৃশ্য কারণে তা মানা হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে আদালত বলেছেন, যাবতীয় নির্দেশিকা মানা হচ্ছে কি না আগামী ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট দাখিল করতে হবে।

উল্লেখ্য, ইমরানের চিকিৎসায় গাফিলতি হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে।

এই বিষয়ে সম্প্রতি সরব হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন অধিনায়ক। তাঁরা চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকেও। এই বিষয়টিতেও নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট।
দুর্নীতিসহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত ৭৩ বছর বয়সী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে সাজা ভোগ করছেন। পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, ইমরানের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না।

কার্যত আইন উড়িয়ে ‘একান্তবাস’ রাখা হয়েছে তাকে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ইমরানের বোন আলিমা খান। এ ছাড়া আরো একটি মামলা করেন বুশরা বিবির মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com