স্টাফ রিপোর্টার॥
রাজধানীর সবুজবাগে ঘুমন্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে অপরাধ স্বীকার করেছেন এক নারী। নিহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২:০০ ঘটিকায় সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকার নিজ বাসা থেকে কলদাতা রেহেনা আক্তার (৪০) ৯৯৯-এ ফোন করেন। তিনি জানান, আগের দিন রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছেন।
ফোনটি রিসিভ করার পর ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আরিফ হোসেন ও ডিসপাচার এসআই আওলাদ হোসেন বিষয়টি তাৎক্ষণিকভাবে সবুজবাগ থানাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটান।
সংবাদ পেয়ে সবুজবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।