যমুনা নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন ও সিরাজগঞ্জ শহরসহ বিভিন্ন সড়ক ও আঞ্চলিক সড়কে ঢাকনাবিহীন ও অর্ধঢাকা বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রায়শ: ছোটবড় সড়ক দূর্ঘটনা ঘটছে। এ সংক্রান্ত সংবাদ দ্য ডেইলী স্কাই সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হলেও বালু সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী হওয়ায় প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। ফলে বেড়ে চলেছে প্রাণহানীর ঘটনা।
স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় নূর জাহান বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে উপজেলার শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নূর জাহান বেগম ওই এলাকার রুস্তম আলী মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে নূর জাহান বেগম রাস্তার পাশে হাঁটছিলেন। এ সময় মেঘাই বালুরঘাট থেকে বালু নিয়ে সোনামুখীর দিকে যাচ্ছিল একটি ট্রাক। শিমুলদাইড় এলাকায় ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, যমুনা নদী থেকে বেপরোয়াভাবে বালু উত্তোলন ও সিরাজগঞ্জ শহরসহ বিভিন্ন সড়ক ও আঞ্চলিক সড়কে ঢাকনাবিহীন ও অর্ধঢাকা বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলের কারণে প্রায়শ: ছোটবড় সড়ক দূর্ঘটনা ঘটছে। এ সংক্রান্ত সংবাদ দ্য ডেইলী স্কাই সহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হলেও বালু সিন্ডিকেট অত্যন্ত শক্তিশালী হওয়ায় প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। ফলে বেড়ে চলেছে প্রাণহানীর ঘটনা।