মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক গ্রেফতার হওয়ায় শুটিং বন্ধ

  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮.১৭ পিএম

স্টাফ রিপোর্টার॥



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে এসেছে।

শুটিং শেষে নেপাল থেকে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে আছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন তিনি। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন পলাশ। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।

মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি। আগামী অক্টোবরে সেগুলোর দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।

এ বিষয়ে সিনেমার পরিচালক কামরুজ্জামান রোমান সংবাদমাধ্যমকে বলেন, নেপালে ‘শিকার’-এর বেশির ভাগ অংশের শুটিং সফলভাবেই শেষ হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল আগামী অক্টোবরে দেশে ও অন্যান্য লোকেশনে বাকি কাজগুলো শেষ করার। কিন্তু আমাদের নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় শুটিংয়ের কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, পলাশ আইনিভাবে পুরো বিষয়টি মোকাবিলা করছেন। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিম আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি খুব দ্রুত মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘায়িত হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে আমাদের হাতে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

ফটোকার্ড ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com